আগরতলা:অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন (AILU), ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আজ মহামান্য ত্রিপুরার রাজ্যপালের নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। স্মারকলিপিতে ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) আইপিএস অনুরাগ ধানখড়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা উচ্চ আদালতের বর্তমান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, রাজ্যের সর্বোচ্চ পুলিশ আধিকারিকের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যু সমগ্র রাজ্যবাসীর মধ্যে গভীর উদ্বেগ, প্রশ্ন ও জনস্বার্থের বিষয় হয়ে উঠেছে। এমন একটি ঘটনার ক্ষেত্রে শুধুমাত্র প্রচলিত তদন্ত প্রক্রিয়ার উপর নির্ভর না করে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।
AILU-এর মতে, আইনের শাসনের মূলনীতি হলো—ন্যায়বিচার শুধু হওয়াই নয়, তা দৃশ্যমানভাবেও প্রতিষ্ঠিত হওয়া। তাই এই ঘটনায় সত্য উদ্ঘাটন, জনমনে উদ্ভূত সংশয় দূরীকরণ এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা অটুট রাখতে ত্রিপুরা উচ্চ আদালতের বর্তমান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তই সবচেয়ে উপযুক্ত ও গ্রহণযোগ্য ব্যবস্থা।স্মারকলিপিতে মহামান্য রাজ্যপালের নিকট আবেদন জানানো হয়েছে যে, তিনি যেন ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিচার বিভাগীয় তদন্তের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ বা সুপারিশ করেন।
পাশাপাশি, ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত নথি, ইলেকট্রনিক তথ্য, ফরেনসিক নমুনা ও অন্যান্য প্রমাণ যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন (AILU), ত্রিপুরা রাজ্য কমিটি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্তই এই অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন, সমস্ত সংশয় নিরসন এবং সংবিধান ও আইনের শাসনের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে সক্ষম হবে।
AILU পক্ষে উপস্থিত ছিলেন কমঃ হরিবল দেবনাথ,কমঃ এল আর খাদিম, কমঃ ভাষ্কর দেববর্মা,কমঃ উমা চন্দ ও কমঃ রাজর্শ্রী পুরকায়স্থ
