আগরতলা।। টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচন ২০২৬-এর ফলাফল ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন।৪ হাজার ৫৯৭টি আসনের মধ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে টিপরা মথা। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, টিপরা মথার দখলে গেছে ৩ হাজার ৪২৮টি আসন।

অন্যদিকে বিজেপি জয় পেয়েছে ৮৫৯টি আসনে।এবারের নির্বাচনে নির্দল প্রার্থীরা পেয়েছেন ১৭৩টি আসন। সিপিআইএম ৮৭টি, আইপিএফটি ৩৩টি এবং কংগ্রেস জয়লাভ করেছে ১৪টি আসনে। তবে তিনটি আসনে কোনও দল প্রার্থী না দেওয়ায় সেই আসনগুলি এখনও খালি রয়েছে।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের ভিলেজ কমিটি নির্বাচনে মোট ভোটদানের হার ছিল ৮১ দশমিক ২৯ শতাংশ।

রাজ্য নির্বাচন কমিশনার পিকে চক্রবর্তী জানান, মোট ৪ হাজার ৫৯৭টি আসনের মধ্যে ৪ হাজার ৫৯৪টি আসনে ভিলেজ কমিটি গঠিত হয়েছে। তিনটি আসন এখনও শূন্য রয়েছে।তিনি জানান, এবারের নির্বাচনে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারদের ভোটদানের হার ছিল বেশি। জেলার নিরিখে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ ত্রিপুরায়। সেখানে ভোটদানের হার ৮৬ দশমিক ৮ শতাংশ।

অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে পশ্চিম ত্রিপুরা জেলায়—৭২ দশমিক ৬৪ শতাংশ।গণনা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের। পিকে চক্রবর্তী জানান, দু-একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দ্রুত পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং ভোটারদের ধন্যবাদ জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

ভিলেজ কমিটি নির্বাচনের এই ফলাফলকে সামনে রেখে পাহাড়ি এলাকার আগামী দিনের রাজনৈতিক সমীকরণ কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *