আগরতলা।। গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত ব্যবস্থায় ত্রিপুরার সাফল্যের পালকে যুক্ত হল আরও এক নতুন মুকুট। জাতীয় পঞ্চায়েত পুরস্কার–২০২৫-এ রাজ্যের একাধিক পঞ্চায়েত উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে।

এই উপলক্ষে শনিবার আগরতলার সিভিল সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন।মন্ত্রী জানান, স্বচ্ছতা, সুশাসন, জনসেবার মানোন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং টেকসই গ্রামীণ পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য কাজের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার অর্জন করেছে ত্রিপুরার পঞ্চায়েতগুলি।

তিনি বলেন, এই সাফল্য পঞ্চায়েত প্রতিনিধি, সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল।এদিকে রাজ্যের জন্য আরও একটি বড় সাফল্য হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলার বিজয়নগর গ্রাম পঞ্চায়েত জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কারে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে। প্রশাসনে প্রযুক্তির কার্যকর ব্যবহার, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত জনপরিষেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদান করা হয়েছে।মন্ত্রী জানান, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও আধুনিক ও ডিজিটালভাবে সক্ষম করে তুলতে রাজ্য সরকার ইতিমধ্যেই ১০৪টি স্মার্ট পঞ্চায়েত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

ভবিষ্যতেও উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার এবং জনসেবার ক্ষেত্রে ত্রিপুরার পঞ্চায়েতগুলি দেশের সামনে আদর্শ মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *