আগরতলা: সময়মতো করদাতাগণ শুধুমাত্র আইনগত দায়িত্বই পালন করছেন না, তারা রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে, পরিকাঠামো নির্মাণেও একজন নাগরিক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। রাজ্য সরকার আগামী দিনে আরও প্রযুক্তি নির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কর ব্যবস্থা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।

ত্রিপুরা রাজ্য কর বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগরতলার প্রজ্ঞাভবনে সুবর্ণজয়ন্তী পালন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বোতাম টিপে ত্রিপুরা ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক ফর এনফোর্সমেন্ট ট্রেকিং এন্ড রিক্স এনালিটিক্স বা ত্রিনেত্রা, ট্রুসিপ অ্যাপ (TRUESIP APP), আবগারী সাথি চ্যাটবুট এবং এক্সাইজ কানেক্ট (Excise Connect) ডিজিট্যাল পদ্ধতিগুলির আনুষ্ঠানিক সূচনা করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্য কর ও আবগারী বিভাগের কর্মসূচিকে আধুনিক স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে ‘সংকেত’ (SANKET) নামে নতুন ডিজিট্যাল মাধ্যমের সূচনা করেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজ রাজ্য কর বিভাগের ৫০ বছরের গৌরবময় যাত্রার ঐতিহাসিক মুহুর্ত। দীর্ঘ ৫০ বছরে কর বিভাগ শুধু রাজস্ব সংগ্রহই করেনি, সেই সাথে রাজ্যের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য সহ জনকল্যাণমূলক নানা কর্মসূচি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডিজিট্যাল প্রযুক্তির মাধ্যমে কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করার লক্ষ্যে যে ৫টি অ্যাপ এর সূচনা করা হল তা অত্যন্ত প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন এর ফলে করদাতাগণ আরও দ্রুত এবং সহজে কর দিতে পারবেন।

নিয়মিত কর প্রদানকারীদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাদের সহযোগিতাই রাজ্যের আর্থিক উন্নয়নের মূল শক্তি। এই ডিজিট্যাল পদ্ধতিগুলি কর ব্যবস্থাকে দক্ষ ও জনবান্ধব করে তুলবে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন আগামী দিনে এই দপ্তর আরও দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে রাজ্যবাসীকে সঠিক পরিষেবা দেবে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্য কর বিভাগের গত ৫০ বছরের ধারাবাহিক সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি রাজ্যের উন্নয়নে নিয়মিত কর প্রদানের জন্য তিনি করদাতাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজ্যের ৩ জন শীর্ষ করদাতাকে স্মারক উপহার দিয়ে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী। কর বিভাগে ৫০ বছরের ইতিহাসের বিষয়ে একটি তথ্যচিত্র অনুষ্ঠানে দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ড. প্রশান্ত কুমার গোয়েল, রাজ্য কর বিভাগের মুখ্য কমিশনার চিরঞ্জীব আনন্দ, আগরতলা সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স এর কমিশনারেটের কমিশনার কুন্দন যাদব, অতিরিক্ত কমিশনার এল রাঙ্খল সহ অন্যান্য পদাধিকারীগণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *