আগরতলা।। গতকাল রাতে সরকার নার্সিংহোম এলাকায় অটো গাড়ি থেকে স্বর্ণালংকার চুরি করে দুই চোর! অবশেষে পশ্চিম থানার পুলিশের সহায়তায় দুই চোর সহ কুড়ি লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার করে পশ্চিম থানার পুলিশ।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এস ডি পিও দেবপ্রসাদ রায়। সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানান গতকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে রাজু সাহা নামে রানির বাজার নিবাসী এক ব্যক্তি তার আত্মীয় সরকার নার্সিংহোমে চিকিৎসাধীন থাকায় তাকে দেখতে আসে। তিনি বলেন রাজু সাহা নিজের অটো করে সরকার নার্সিংহোমে আসার সময় উনার বাড়ি সমস্ত স্বর্ণালংকার সাথে করে নিয়ে আসেন চুরি যাওয়ার ভয়ে।
তিনি সরকার নার্সিংহোমের সামনে অটোর টুল বক্সে স্বর্ণালংকার গুলি তালা বন্ধ অবস্থায় রেখে নার্সিংহোমে যায়। পরবর্তী সময়ে নার্সিংহোম থেকে ফিরে এসে তিনি দেখেন টুল বক্সের তালা ভাঙ্গা এবং সমস্ত স্বর্ণালংকার নিয়ে যায় চোরের দল। এই ঘটনায় তিনি ভেঙ্গে পড়েন। পরবর্তী সময়ে তিনি এই বিষয়ে পশ্চিম থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগ পেয়ে রাতেই পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি ,বটতলা ফাড়ির ওসি এবং রামনগর থানার ওসির নেতৃত্বে একটি টিম গঠন করে এই বিষয়ে তদন্ত শুরু হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর এলাকায় অভিযান চালিয়ে শামীম মিয়া এবং প্রার্থনো আচার্য দুইজন সন্দেহভাজন চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে শনিবার সকালে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার গুলি উদ্ধার করে।
সদর এসডিপিও জানান উদ্ধারকৃত স্বর্ণালংকারের বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। সদর এসডিপিও জানান আটককৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। পরবর্তী সময়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে আরও কারা কারা এই ঘটনায় যুক্ত তাদেরকেও পুলিশ আটক করতে সক্ষম হবে।
