আগরতলা ।। ২০২৪-২৫ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের একসঙ্গে নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নামলেন চাকরিপ্রার্থীরা। চাকরির দাবিতে কিছুদিন পরপরই আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছেন টেট উত্তীর্ণরা। কিন্তু এখনও তাদের দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে চাকরিপ্রার্থীদের মধ্যে।
এদিন চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে আন্দোলনে নামেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তবে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছানোর আগেই আগরতলা মহিলা কলেজের সামনে পুলিশ তাদের আটকে দেয়।আন্দোলনকারীদের আটকাতে মহিলা কলেজ সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী। একইসঙ্গে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকা।
চাকরিপ্রার্থীদের বক্তব্য, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন তারা। বারবার আন্দোলনে নামতে হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই এবার ২০২৪-২৫ সালের টেট উত্তীর্ণ সকল চাকরিপ্রার্থীকে একসঙ্গে নিয়োগের দাবিতে তারা আরও জোরদার আন্দোলনের পথে হাঁটছেন।
কিছুদিন পরপরই চাকরির দাবিতে আন্দোলনের ছবি সামনে আসায় বিষয়টি নিয়ে চাকরি প্রার্থী সহ অন্যান্যদের মধ্যে অসন্তোষও ক্রমশ বাড়ছে।
