আগরতলা।। অঙ্গদান—একটি মহৎ মানবিক উদ্যোগ, যা একজন মানুষের মৃত্যুর পরও একাধিক মানুষের জীবন বাঁচানোর নতুন আশার আলো জ্বালাতে পারে। এই মহৎ বার্তাকে সামনে রেখে সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জাতীয় অঙ্গদান দিবস–২০২৬।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তোলা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, আগরতলা সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. তপন মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক, চিকিৎসক, নার্সিং কর্মী, মেডিকেল শিক্ষার্থী এবং বিশিষ্ট অতিথিবৃন্দ।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর অঙ্গদানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বক্তারা। তাঁরা বলেন, একজন অঙ্গদাতার সিদ্ধান্ত একাধিক মুমূর্ষু রোগীর জীবন রক্ষা করতে পারে। তাই অঙ্গদান নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলা অত্যন্ত জরুরি। পাশাপাশি আধুনিক চিকিৎসা পরিকাঠামো, প্রশিক্ষিত চিকিৎসক এবং উন্নত অঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে বলেও উল্লেখ করা হয়।বক্তারা আরও জানান, অঙ্গদান শুধুমাত্র একটি চিকিৎসা প্রক্রিয়া নয়, এটি মানবতার এক অনন্য দৃষ্টান্ত।
প্রত্যেক সচেতন নাগরিক যদি অঙ্গদানের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেন, তাহলে ভবিষ্যতে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে। অনুষ্ঠানে উপস্থিত সকলকে অঙ্গদান সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি এই মহৎ উদ্যোগে স্বেচ্ছায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এই উদ্যোগ রাজ্যে অঙ্গদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া এবং ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপন পরিষেবাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
