আগরতলা: শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান বিজেপি সরকার। শ্রমিকদের বিভিন্ন অসুবিধা দূর করার পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
শুক্রবার শ্রমমন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে শ্রমিকদের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপসের উদ্বোধন করা হয়। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি। নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত রিভিউ মিটিংয়ে অংশ নিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, শ্রমিকদের যাতে কোনও সমস্যা না হয় এবং কাজের জন্য তাঁরা যাতে একটি নির্দিষ্ট স্থানে জড়ো হতে পারেন, সেই লক্ষ্যে রাজ্যে একটি ‘লেবার চক’ নির্মাণ করবে সরকার। এই লেবার চকে প্রতিদিন শ্রমিকরা উপস্থিত থাকবেন এবং সাধারণ মানুষ তাঁদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকেই শ্রমিক নিয়োগ করতে পারবেন।
মন্ত্রী আরও জানান, নতুন চালু হওয়া শ্রম দপ্তরের অ্যাপসের মাধ্যমে কোন শ্রমিক কোন কাজে দক্ষ, তার বিস্তারিত তথ্য থাকবে। ফলে মানুষ খুব সহজেই নিজেদের প্রয়োজন মতো বিশেষজ্ঞ শ্রমিক বাছাই করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমার পাশাপাশি শ্রমিকরাও ন্যায্য মজুরি পাবেন।
টিংকু রায় বলেন, “শ্রম দপ্তর রাজ্যের নির্মাণ শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের সমস্যা নিরসন এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে বরাবর কাজ করে যাচ্ছে।”
