আগরতলা।। রামনগর ৪ নম্বর এলাকায় গত দুই দিন আগে একটি আবাসন ফ্ল্যাটে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন শুভ্রজিৎ চৌধুরী। চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার-পরিজন এবং এলাকাবাসীর মধ্যে। শনিবার প্রয়াত শুভ্রজিৎ চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী, মা এবং অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর অন্যান্য নেতৃবৃন্দও।সমবেদনা জানানোর পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘটনাস্থলও পরিদর্শন করেন। বিস্ফোরণস্থলের পরিস্থিতি খতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য নেন।
এসময় সিপিআই(এম) নেতৃত্বের পক্ষ থেকে ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
