আগরতলা ।। প্রথমবারের মতো রাজ্যে পালিত হল সরকারি উদ্যোগে ‘চাকমা ভাষা ও লিপি দিবস’। শুক্রবার এই উপলক্ষে শহর আগরতলায় একটি রেলি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। রেলিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে সমাপ্ত হয়।

সেখান থেকে উপস্থিত চাকমা সম্প্রদায়ের লোকজনেরা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এই রেলিতে যোগ দেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক সম্ভু লাল চাকমা সহ অন্যান্যরা।

চাকমা ভাষা ও লিপি দিবস উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, অন্যান্য ভাষাভাষীদের সাথে চাকমা সম্প্রদায়ের জনগণও যেন তাদের ভাষা এবং লিপির বিকাশ সংঘটিত করে এগিয়ে যেতে পারেন সেই লক্ষ্যেই এই রেলির আয়োজন করা হয়েছে।

তিনি আরো জানান, কোন জাতি গোষ্ঠীকে এগিয়ে যেতে হলে তার ভাষা এবং লিপি কে সমৃদ্ধশালী করে তোলা একান্ত প্রয়োজন। চাকমা ভাষা এবং লিপি কে সমৃদ্ধশালী করতে সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাজ্য সরকারের ককবরক এবং অন্যান্য পশ্চাৎপদ ভাষা অধিদপ্তরের উদ্যোগে এই আয়োজন। রেলিতে বিভিন্ন রাজ্যের চাকমা সম্প্রদায়ের বিশিষ্ট লোকজনরা অংশগ্রহণ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *