আগরতলা।। শনিবার দুপুরে সোনামুড়া শান্তিপল্লীর ধানু দাস আগরতলা কোর্টে এসেছিলেন। আর তাকে বিশালগড়ের কুখ্যাত ব্যাটারি বিশু এবং তার বাহিনী বিশালগড় থেকে ফলো করে আসছিল।

আদালত থেকে কাজ শেষে বের হতেই অফিস লেনে সাদা রঙের বলেরো গাড়ি করে ধানুকে মারতে মারতে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে অন্যত্র ধানুকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে চলে যায় অভিযুক্তরা। সন্ধ্যায় ব্যাটারি বিশুর টিমের তিনজন সদস্য রবি মিয়া, জাকির হোসেন ও ইকবাল হোসেনকে আটক করে পুলিশ। তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই ঘটনার মূল নায়ক বিশালগড়ের ব্যাটারি বিশু।

তাই রবিবার সন্ধ্যার পর পশ্চিম থানার পুলিশ বিশুর বিশালগড়ের উত্তর ব্রজপুরস্থিত বাড়িতে তল্লাশি চালায়। কিন্তু ব্যাটারি বিশু তার আগেই বাড়ি থেকে পালিয়ে যায়। সোমবার এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। তিনি জানান ১৬ তারিখে অফিস লেন থেকে একজন ব্যক্তিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

পুলিশ এ বিষয়টি জানতে পেরে পশ্চিম থানার ওসির নেতৃত্বে একটি টিম গঠন করে। এবং সমস্ত নাকা পয়েন্টগুলি সচল করে তোলে। পরবর্তী সময়ে এই অপহরণকাণ্ডে ব্যবহৃত একটি বোলেরো গাড়ি ও একটি স্কুটির হদিস পায় পুলিশ। পরবর্তী সময়ে স্কুটিটি উদ্ধার করা হয়। এর পাশাপাশি ওই দিনই বিভিন্ন তথ্যের ভিত্তিতে এই অপহরণ কান্ডের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।

আজ তাদেরকে পুলিশ রিমান্ড আদালতে প্রেরণ করা হয়েছে। এসডিপিও জানান এই ঘটনার সঙ্গে ছয় সাত জনের একটি টিম জড়িত রয়েছে। ধৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাকিদেরকেও আটক করবে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *