আগরতলা। গোটা রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। বরাবরের মতো রাজ্যের মূল কর্মসূচি টি অনুষ্ঠিত হয়েছে আগরতলার আসাম রাইফেলস ময়দানে যেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

এই আয়োজনে মুখ্যমন্ত্রী ছাড়াও বিভিন্ন স্তরের উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিক জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বরাবরের মতোই আসাম রাইফেল ময়দানের জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ সহ বিভিন্ন কর্মসূচি উপস্থিত সকলকে দারুন ভাবে আলোকিত করে। কুচকাওয়াজে পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনসিসি, স্কাউট গার্ড, সিভিল ডিফেন্স এবং আপদা মিত্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সুসজ্জিত ও সুশৃঙ্খল কুচকাওয়াজ উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে।সুসজ্জিত গাড়িতে করে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে। ছোট ছোট পড়ুয়াদের মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

আসাম রাইফেলস ময়দানে নিজের আলোচনায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দেশবাসী সহ রাজ্যবাসীকে সর্বপ্রথম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। গোটা দেশের সার্বিক বিষয় নিয়ে বলতে গিয়ে নিজের আলোচনায় মুখ্যমন্ত্রী উল্লেখ করেন এই সময়ের মধ্যে গোটা দেশ প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করছে। স্বাধীনতার পর বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গোটা পৃথিবীতে ভারত নতুনভাবে নিজেকে জাহির করছে বলেও রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন।

পাশাপাশি তিনি দাবি করেন নরেন্দ্র মোদি বিভিন্ন কার্যকলাপের জন্য ত্রিপুরাকে যেমন অভিনন্দিত করছেন ঠিক একই রকম ভাবে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা সহ একাধিক ক্ষেত্রে ত্রিপুরার পুরস্কারপ্রাপ্তি গোটা দেশের মধ্যে রাজ্যের নাম কে সুউজ্জ্বল করছে।মুখ্যমন্ত্রী বিগত আট বছরে রাজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগ গুলি তুলে ধরেন। তিনি বলেন সামাজিক, অর্থনৈতিক, পরিকাঠামগত উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। পরিবহন ব্যবস্থায় রাজ্যে আমূল পরিবর্তন এসেছে। স্বাস্থ্য পরিষেবার দিক দিয়েও সরকার রাজ্যের হাসপাতাল গুলিকে আধুনিক মানে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন স্বাস্থ্য পরিষেবা মানোন্নয়নের লক্ষ্যে আগরতলায় সিটি হসপিটাল এবং নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের সরকারি চক্ষু হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের যুবকদের নিয়োগের ক্ষেত্রে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন বিগত ৪০ বছরে রাজ্যে যা সম্ভব হয়নি তা গত আট বছরে করে দেখিয়েছে এই সরকার।ক্রীড়া ক্ষেত্রেও রাজ্য বিশ্বে নিজের নাম তুলে ধরতে সক্ষম হয়েছে।

এই প্রসঙ্গে তিনি কমনওয়েলথ গেমসে অস্মিতাদের স্বর্ণপদক জেতার বিষয়টি সামনে আনেন। তিনি বলেন রাজ্যের গর্ব সোনার মেয়ে অস্মিতা দে কমোনওয়েলথ গেমসে স্বর্ণপদক লাভ করে শুধু রাজ্যবাসীকে না সারা দেশকে গৌরবান্বিত করেছে। ক্রিয়া ক্ষেত্রে সম্ভাবনাময় প্রতিযোগীদের উঠিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে তিনি দাবী করেন।


ক্রীড়া ক্ষেত্রে থেকে শুরু করে সামাজিক সকল ক্ষেত্রেই ত্রিপুরা রাজ্য তথা গোটা দেশ দারুণভাবে এগিয়ে চলছে এই দাবি জোরালো ভাবে নিজের আলোচনার মধ্যে উত্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *