আগরতলা ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র জ্বালানি সাশ্রয়ের নির্দেশকে সামনে রেখে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন রাজ্যের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
আজ তিনি কোনও সিকিউরিটি স্কট ছাড়াই বিভিন্ন সরকারি ও সাংগঠনিক কাজে অংশ নেন। মন্ত্রীর এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে চর্চা।
সাধারণত মন্ত্রীদের সফরে একাধিক নিরাপত্তা গাড়ি ও স্কট দেখা যায়। তবে বৃহস্পতিবার সম্পূর্ণ ব্যতিক্রমী ছবি দেখা গেল রাজ্যের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের সফরে। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয় এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর বার্তাকে গুরুত্ব দিয়েই তিনি আজ সিকিউরিটি স্কট ছাড়াই বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন বলে জানা গেছে।
সূত্রের খবর, দিনের শুরুতে তিনি দপ্তরীয় বৈঠক, বিভিন্ন প্রশাসনিক কর্মসূচি এবং সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন মন্ত্রীর বহরে অতিরিক্ত গাড়ি না থাকায় সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
মন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয় বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি স্তর থেকেই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী দিনেও সাধারণ ও সংযত সরকারি ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
প্রধানমন্ত্রীর বার্তার পর রাজ্যে একজন মন্ত্রীর এই উদ্যোগ কতটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
