আগরতলা।। রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্যের অনুপ্রেরণায় প্রথমবারের মতো দেশের রাজধানীতে আগামী ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে “আনারস মহোৎসব”। ত্রিপুরার অন্যতম প্রধান কৃষিজ পণ্য আনারসকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও বেশি পরিচিত করে তোলার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই মহোৎসবকে কেন্দ্র করে আজ মহাকরণে কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এবং সাংসদ রাজিব ভট্টাচার্যের উপস্থিতিতে কৃষি দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উৎসবের সার্বিক প্রস্তুতি, ত্রিপুরার আনারসের বিপণন, কৃষকদের অংশগ্রহণ এবং রাজধানীতে বৃহৎ পরিসরে এই অনুষ্ঠান সফল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান, ত্রিপুরার আনারসের স্বাদ ও গুণগত মান দেশের মধ্যে অন্যতম সেরা।
এই মহোৎসবের মাধ্যমে রাজ্যের কৃষকদের উৎপাদিত আনারস দেশের বাজারে আরও বড় পরিচিতি পাবে এবং কৃষকদের আর্থিক উন্নয়নেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।অন্যদিকে সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন, ত্রিপুরার আনারসকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীতে আয়োজিত এই মহোৎসবে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী, কৃষি বিশেষজ্ঞ ও অতিথিরা অংশ নেবেন।
পাশাপাশি, দেশের প্রধানমন্ত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।রাজ্যের কৃষিপণ্যকে জাতীয় মঞ্চে তুলে ধরতে এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
