আগরতলা।। রবিবার দশমীঘাটস্থিত শ্রী শ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে আয়োজন করা হয় একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবির। সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়।
শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র-ইন-কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য, শ্রী শ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের জন্য রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সকাল থেকেই শিবিরে বহু মানুষ অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
উপস্থিত অতিথিরাও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সুস্থ সমাজ গঠনে এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্য শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ । সামাজিক সংগঠনগুলির এ ধরনের উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।
