নিজস্ব প্রতিনিধি, আগরতলা:দেশের যুব সমাজকে মাদকমুক্ত করে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ১০০ সপ্তাহব্যাপী দেশব্যাপী জন-আন্দোলন ‘বিকশিত ভারত সংকল্প অভিযান – নেশামুক্ত যুব’।

যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন মাই ভারত (MY Bharat)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে করেন।এই উপলক্ষে আগরতলার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে মাই ভারত ত্রিপুরার উদ্যোগে রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবব্রত দাস, রেজিস্ট্রার সমীর কুমার শীল, রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার, মাই ভারত ত্রিপুরার অধিকর্তা মাহবুব আলম লস্করসহ বিশিষ্ট অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।

দেশব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠানে ২৫ হাজারেরও বেশি স্থান ভার্চুয়ালি যুক্ত হয় এবং এক কোটিরও বেশি যুবক-যুবতী একযোগে মাদকমুক্ত ভারতের শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব সমাজকে মাদকবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করেন।১০০ সপ্তাহব্যাপী চলা এই অভিযানের অংশ হিসেবে আগামী দিনগুলিতে দেশজুড়ে ক্রীড়া প্রতিযোগিতা, সচেতনতামূলক প্রচার, পদযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগ ও ধ্যান, আলোচনা সভা, পথনাটক এবং বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে।

সরকারের লক্ষ্য, যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি মাদকমুক্ত, সুস্থ ও বিকশিত ভারত গড়ে তোলা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *