আগরতলা।। ডুকলি আর.ডি. ব্লকের অন্তর্গত বাগমারা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত গ্রাম সভায় প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) বা PMAY-G প্রকল্পের আওতায় ৩৪৯টি আবাসন বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন উপযুক্ত সুবিধাভোগীদের মধ্যে ঘর বরাদ্দ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর মাধ্যমে গৃহহীন ও আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য পাকা বাড়ির স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। তিনি সুবিধাভোগীদের সময়মতো ঘর নির্মাণ সম্পন্ন করার আহ্বান জানান এবং সরকারি প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেন।
গ্রাম সভায় ৩৪৯টি ঘর বরাদ্দের ঘোষণায় সুবিধাভোগীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত বাসিন্দারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।
