আগরতলা।। উৎসবের আবহে জমে উঠেছে মাছের বাজার। জামাই ষষ্ঠী উপলক্ষে বিভিন্ন বাজারে দেখা মিলছে বাংলাদেশের চাঁদপুর থেকে আমদানি করা ইলিশ মাছের। স্বাদ ও গুণগত মানের জন্য চাঁদপুরের ইলিশের আলাদা পরিচিতি রয়েছে।

তাই উৎসবকে কেন্দ্র করে এই মাছ কিনতে সকাল থেকেই বাজারে ভিড় করছেন ক্রেতারা।মাছ ব্যবসায়ীরা জানান, এ বছর ইলিশের আমদানি সন্তোষজনক। বাজারে ছোট, মাঝারি ও বড়—সব ধরনের ইলিশ পাওয়া যাচ্ছে। ছোট ও মাঝারি আকারের ইলিশের দাম কেজি প্রতি ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে রয়েছে।

অন্যদিকে দেড় কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশের দাম কেজি প্রতি ২০০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দাম কিছুটা বেশি হলেও জামাই ষষ্ঠীর কারণে ক্রেতাদের আগ্রহে কোনও কমতি নেই। অনেকেই পরিবারের ঐতিহ্য বজায় রাখতে এবং জামাই আপ্যায়নের জন্য ইলিশ কিনছেন।

মাছ ব্যবসায়ীব্যবসায়ীদের মতে, আগামীকাল সকাল পর্যন্ত ইলিশের বিক্রি আরও বাড়তে পারে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় ক্রেতারাও পছন্দমতো মাছ কিনতে পারছেন। উৎসবকে কেন্দ্র করে মাছের বাজারে এখন একপ্রকার উৎসবের আমেজ বিরাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *