আগরতলা।। আত্মসমর্পণকারী বৈরী সংগঠন এনএলএফটি ও এটিটিএফ-এর সদস্যদের পক্ষ থেকে সোমবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন এটিটিএফ-এর সভাপতি কলেন্দ্র দেববর্মা, এনএলএফটি-এর সভাপতি প্রসেনজিৎ দেববর্মা, এটিটিএফ-এর নেতা পরিমল দেববর্মা-সহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা।

সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, আত্মসমর্পণের পর সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তার অধিকাংশই এখনও বাস্তবায়িত হয়নি। প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী পুনর্বাসন ও উন্নয়নের জন্য ঘোষিত প্রায় ২৫০ কোটি টাকার সুবিধা এখনো তারা পাননি।

দীর্ঘদিন ধরে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার সমাধান না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে বলে দাবি করেন তারা।নেতৃবৃন্দ জানান, আত্মসমর্পণকারী সদস্যদের পুনর্বাসন, কর্মসংস্থান, আবাসন, আর্থিক সহায়তা এবং অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের।

এই পরিস্থিতিতে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১২ জুন থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে ঘোষণা করা হয় সাংবাদিক সম্মেলন থেকে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান ও আলোচনার চেষ্টা করা হলেও কাঙ্ক্ষিত ফল মেলেনি। তাই বাধ্য হয়েই তারা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

সংগঠনের নেতারা সতর্ক করে বলেন, দ্রুত তাদের ন্যায্য দাবি পূরণে উদ্যোগ নেওয়া না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে। একই সঙ্গে সরকারকে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *