আগরতলা।। রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী স্বানিধি স্কিমের অধীনে সুবিধা বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মনোহর লাল।

এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, সাংসদ রাজিব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রাম, TRLM-এর অধিকর্তা তড়িৎ কান্তি চাকমাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৪তম ‘মন কি বাত’ অনুষ্ঠান শ্রবণ করেন। দেশের উন্নয়ন, আত্মনির্ভরতা এবং সাধারণ মানুষের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের বার্তা তুলে ধরা হয় ওই অনুষ্ঠানে।

এরপর প্রধানমন্ত্রী স্বানিধি স্কিমের আওতায় বিভিন্ন সুবিধাভোগীদের হাতে চেক, ক্রেডিট কার্ড এবং ডিজিটাল স্ক্যানার তুলে দেন অতিথিরা। ক্ষুদ্র ও পথচলতি ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং ডিজিটাল লেনদেনে উৎসাহিত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা জানান, প্রধানমন্ত্রী স্বানিধি স্কিম শুধুমাত্র ঋণ সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী নতুনভাবে নিজেদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাচ্ছেন।

রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এই ধরনের প্রকল্প সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। আগামী দিনেও ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।

প্রধানমন্ত্রী স্বানিধি স্কিমের মাধ্যমে আর্থিক সহায়তা, ডিজিটাল সুবিধা এবং সহজ ঋণ প্রাপ্তির সুযোগ পেয়ে উপকৃত হচ্ছেন হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী। আগরতলার এই অনুষ্ঠানের মাধ্যমে সেই উন্নয়নযাত্রায় আরও একধাপ এগিয়ে গেল ত্রিপুরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *