আগরতলা।। রবিবার ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঠালতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রায় ৬৭০ জন উপভোক্তার হাতে ঘরের অনুমোদনপত্র তুলে দেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।
একইসঙ্গে মলয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও ৩৬৪ জন উপভোক্তার হাতেও ঘরের নথিপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে উপভোক্তাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল অভিযোগ করেন, বাম আমলে প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে দলীয় পরিচিতি ও আত্মীয়স্বজনদের মধ্যেই সরকারি আবাসনের সুবিধা সীমাবদ্ধ রাখা হতো।
সরকারি প্রকল্পের নাম করে সাধারণ মানুষকে বিভিন্ন মিছিল ও সভায় নিয়ে যাওয়া হলেও প্রকৃত প্রাপকদের কাছে সরকারি সুবিধা পৌঁছাত না বলেও দাবি করেন তিনি।বর্তমান সরকার সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত উপভোক্তাদের হাতে সরকারি সুবিধা পৌঁছে দিচ্ছে বলে দাবি করে তিনি এলাকাবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।
তাঁর অভিযোগ, সিপিএমের কিছু দুষ্কৃতী এলাকাকে অশান্ত ও বদনাম করার চেষ্টা করছে। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কলঙ্কমুক্ত এলাকা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে প্রধানমন্ত্রী আবাস যোজনার সকল ঘরপ্রাপকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানান বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।
