আগরতলা ।। অবশেষে ঘোষণা করা হল এডিসি ভিলেজ কমিটির দিনক্ষণ৷ আগামী ২৮ সেপ্ঢেম্বর ভোট গ্রহণ করা হবে৷ সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ৷ আগামী ৫ অক্টোবর ভোট গণনা করা হবে৷ গণনা শুরু হবে সকাল ৮ টা থেকে৷
সোমবার মহাকররে সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার এই ঘোষণা দিয়েছেন৷ মোট ৫৮৭ টি ভিলেজ কমিটি রয়েছে৷ কনস্টিটিউন্সি রয়েছে ২৬৩৪ টি৷ মোট আসন সংখ্যা রয়েছে ৪৫৯৭ টি৷ ইতিমধ্যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নিয়োগ করা হয়েছে৷ ইআরও এবং আরও নিয়োগের প্রক্রিয়াও শেষ হয়েছে৷ অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার থাকছেন ২৩১ জন আর সেক্টর অফিসার থাকছেন ২৭৩ জন৷ মোট ভোটার ৯লক্ষ ৬১ হাজার ৯৭৭ জন৷
তাদের মধ্যে মহিলা ভোটার প্রায় ৪ লক্ষ ৮০ হাজার, পুরুষ ভোটার প্রায় ৪ লক্ষ ৮২ হাজার৷ ৮ সেপ্ঢেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, ৯ সেপ্ঢেম্বর মনোনয়নপত্রগুলি স্কুটিনি হবে৷ ১১ সেপ্ঢেম্বর বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা৷
রাজ্য নির্বাচন কমিশনার জানান, কোনো কেন্দ্রে পুনর্ভোট করাতে হলে হবে ৩ অক্টোবর৷ আগামী ৮ অক্টোবরের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷
