আগরতলা।। উত্তর-পূর্বাঞ্চলে ম্যালেরিয়া নির্মূল কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলায় শুরু হয়েছে নিবিড় ম্যালেরিয়া নির্মূল প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী আঞ্চলিক পর্যালোচনা সভা।
এই বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য বিভাগের আধিকারিক, জাতীয় স্বাস্থ্য মিশনের প্রতিনিধি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতা ও সফল উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানান, নিয়মিত রোগ পর্যবেক্ষণ, দ্রুত রোগ নির্ণয়, সময়মতো চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টার ফলে ত্রিপুরায় গত কয়েক বছরে ম্যালেরিয়া সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। দুর্গম এলাকায় স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণও এই সাফল্যের অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন।।
স্বাস্থ্য সচিব আরও জানান, ম্যালেরিয়া সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে। আগামী তিনদিনের এই বৈঠকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং উত্তর-পূর্বাঞ্চলে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচিকে আরও কার্যকর করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
