আগরতলা।। আগরতলা রেল স্টেশন দিয়ে প্রায় প্রতিনিয়তই নেশাজাত দ্রব্য পাচার হচ্ছে। মাঝে মধ্যে পুলিশি অভিযানে নেশাদ্রব্য ও নেশাকারবারীরা ধরা পড়লেও কোনো ভাবেই নেশা সামগ্রীর পাচার বন্ধ করা যাচ্ছে না।
রবিবার দুপুরে আগরতলা রেল স্টেশন থেকে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ২২ কেজি ১৬০ গ্রাম গাজা বাজেয়াপ্ত করা হয়। ধৃতরা হলো আমতলা থানাধীন মধুবন এলাকার আশীষ দাস। অপরজন লক্ষণ পাড়ার হৃদয় সাহা। জি আর পি এবং আর পি এফের জোয়ানরা অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের নেতৃত্বে ছিলেন এস আই পঙ্কজ বিশ্বাস।
ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়। তাদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত গাজা পাচারকারীরা রেল পথ ব্যবহার করে বহিঃরাজ্যে গাজা নিয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পুলিশি অভিযানে ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রেই গাজা পাচারকারীরা নির্বিগ্নে গাজা পাচার করছে বলে অভিযোগ।
