আগরতলা।। জিরানিয়া রেল ওয়াগন ভর্তি ফেনসিডিল উদ্ধারের ঘটনার পর এবার আগরতলা রেল স্টেশনে মালবাহী রেল এ উদ্ধার হল কোডিনযুক্ত নেশাজাতীয় কফ সিরাপ।আগরতলা রেলস্টেশনে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (DRI)-এর এক বড়সড় অভিযানে বিপুল পরিমাণ কোডিন-ভিত্তিক কফ সিরাপ উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫৪ লক্ষ ৪৩ হাজার ৯৮৯ টাকা।রেল সূত্রে জানা যায়, ২৫ জুন ২০২৬ তারিখে কাটিহার থেকে PW Bill No. 198284-এর মাধ্যমে সাধারণ পণ্য হিসেবে বুক করা VPH No. NR 094527, ৩০ জুন রাত প্রায় ৮টা ৫৫ মিনিটে আগরতলা রেলস্টেশনে পৌঁছায়। পরে রাত ১১টা ৫৫ মিনিটে আনলোডিংয়ের জন্য ১৩ নম্বর লাইনে রাখা হয়।১ জুলাই ভোর ৩টার দিকে ডিআরআই-এর আগরতলা আঞ্চলিক ইউনিট থেকে তথ্য আসে যে উক্ত ভ্যানে সন্দেহভাজন নিষিদ্ধ সামগ্রী লুকিয়ে রাখা হতে পারে।
এরপর ডিআরআই, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং রেল কর্তৃপক্ষের উপস্থিতিতে যৌথ তল্লাশি অভিযান শুরু হয়।তল্লাশিতে ভ্যানের ভিতর সাধারণ মালপত্রের পাশাপাশি ৮৯টি লোহার ড্রাম পাওয়া যায়। এর মধ্যে ৮০টি ড্রামের সাদা রঙের পাউডারের মধ্যে লুকিয়ে রাখা ছিল ৫৫,৬২৬ বোতল (প্রতি বোতল ১০০ মিলি) কোডিন-ভিত্তিক ESKuf ও Fairdyl কফ সিরাপ। বাকি ৯টি ড্রামে শুধুমাত্র সাদা পাউডার পাওয়া যায়।দীর্ঘ তল্লাশি, গণনা ও জব্দকরণ প্রক্রিয়া ২ জুলাই সকাল ৭টায় সম্পন্ন হয়।
উদ্ধার হওয়া ৫৫,৬২৬ বোতল কফ সিরাপ ডিআরআই জব্দ করেছে।এ ঘটনায় কফ সিরাপের চালান গ্রহণ করতে আসা খোয়াই জেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা, বিএকে এন্টারপ্রাইজের ম্যানেজার ৩৪ বছর বয়সী সুব্রত দেবকে ডিআরআই গ্রেপ্তার করেছে।ডিআরআই সূত্রে জানা গেছে, এই ঘটনায় DRI Case No.
03/CL/NDPS/DRI/AGT/2026-27 নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও চক্রের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।
