আগরতলা।। আগরতলাকে স্মার্ট সিটি বানানোর নামে সাধারণ মানুষের কোটি কোটি টাকার করের অর্থ অপচয় এবং দুর্নীতির সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সরব হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সদর জেলা কমিটি।
আগরতলা শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের নামে দীর্ঘদিন ধরে রাস্তা খোঁড়াখুঁড়ি, জলাবদ্ধতা, যানজট, ধুলো-ময়লা এবং নাগরিক দুর্ভোগের অভিযোগ তুলে এবার রাস্তায় নামল কংগ্রেস। সাধারণ মানুষকে নরকযন্ত্রণা থেকে মুক্তি এবং শহরের উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
কংগ্রেসের অভিযোগ, স্মার্ট সিটির নামে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও তার সুফল সাধারণ নাগরিকরা কতটা পাচ্ছেন, তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে চলতে থাকা নির্মাণকাজের কারণে প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কোথাও রাস্তার বেহাল দশা, কোথাও জল জমে থাকার সমস্যা, আবার কোথাও যানজট ও ধুলোর কারণে অতিষ্ঠ শহরবাসীবিক্ষোভ কর্মসূচি থেকে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, উন্নয়নের নামে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না।
শহরবাসীর করের টাকা কোথায়, কীভাবে এবং কতটা খরচ হচ্ছে, তার পূর্ণাঙ্গ হিসাব সাধারণ মানুষের সামনে প্রকাশ করার দাবি জানানো হয়।পাশাপাশি আগরতলা শহরের চলমান উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করা, রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নতি করা এবং নাগরিক দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়।কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, উন্নয়নের নামে সাধারণ মানুষকে দিনের পর দিন দুর্ভোগের মধ্যে রেখে কোনও প্রকল্পকে সফল বলা যায় না। আগরতলাকে সত্যিকারের বাসযোগ্য ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই নাগরিকদের সমস্যা সমাধান করতে হবে।
এই সমস্ত অভিযোগ ও দাবিকে সামনে রেখে শহরবাসীর স্বার্থে আগামী দিনেও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।
