আগরতলা।। স্বচ্ছতা শুধু প্রচারের বিষয় নয়, বরং প্রতিদিনের জীবনে তা বাস্তবায়নের বার্তা! ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ সাফাই অভিযান। সরকারি দপ্তরকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে আয়োজিত এই সাফাই অভিযানে অংশ নেন জেলা শাসক ডঃ বিশাল কুমার, অতিরিক্ত জেলা শাসকসহ দপ্তরের আধিকারিক ও কর্মীরা। সম্মিলিত উদ্যোগে চলে পরিচ্ছন্নতা অভিযান।এদিন জেলা শাসক ডঃ বিশাল কুমার স্পষ্ট বার্তা দেন, স্বচ্ছতা কোনও একদিনের কর্মসূচি নয়, বরং এটি প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। সরকারি দপ্তর থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুধু নিজের কর্মস্থল পরিষ্কার রাখলেই দায়িত্ব শেষ নয়, বরং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও প্রত্যেককে এগিয়ে আসতে হবে বলে জানান জেলা শাসক।একটি সুস্থ সমাজ গড়তে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরে নাগরিকদেরও নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
