আগরতলা।। বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যকে সামনে রেখে রবিবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে নেশা মুক্ত সংকল্প অভিযান। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার আগরতলার সখীচরণ স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে নেশা মুক্ত সমাজ গড়ায় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যুবসমাজ।
আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। এই সচেতনতামূলক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এদিন নেশা মুক্ত সংকল্প অভিযানের অঙ্গ হিসাবে সারা দেশে এই কর্মসূচি পালিত হয়। যুব সমাজকে নেশার কবল যুব সমাজকে রক্ষা করতে দেশের প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা শোনানোর ব্যবস্থা করা হয়। অনলাইনের মাধ্যমে সখীচরণ স্কুলের অনুষ্ঠানে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
বক্তারা যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা এবং সমাজ গঠনের ইতিবাচক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, নেশামুক্ত ও সুস্থ সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
