আগরতলা: ভূগর্ভস্থ ক্যাবলিং প্রকল্পের ফলে বিদ্যুতের সকল পরিবাহী লাইন মাটির নিচ দিয়ে যাবে। এতে শুধু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বিদ্যুতের সমস্যা সমাধান যে হবে তা নয়। এর ফলে শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সহ সামগ্রিকভাবে অর্থনীতির উন্নয়ন হবে। এর পাশাপাশি নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করার ক্ষেত্রে সুবিধা হবে। আগামী প্রজন্মের জন্য উন্নত, নিরাপদ ও নির্ভরযোগ্য পরিকাঠামো গড়ে তুলতে চাইছে বর্তমান সরকার।

আজ আগরতলা শহর এলাকায় ভূগর্ভস্থ ক্যাবলিং প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রাজধানীর বড়দোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলা স্মার্ট গ্রিড প্রকল্পের অধীনে এদিন আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ড এলাকায় ভূগর্ভস্থ ক্যাবলিং প্রকল্পের ভূমিপূজন এবং ইউটিলিটি চালিত অ্যাগ্রিগেশন মডেলের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজকের এই প্রকল্প রাজ্য সরকার এবং ত্রিপুরা বিদ্যুৎ উন্নয়ন নিগমের একটা বহুদিনের প্রচেষ্টার ফসল। জনসাধারণেরও ইচ্ছে ছিল যাতে বিদ্যুতের ক্যাবল মাটির নিচ দিয়ে যায়। এতে আগরতলা শহরের সৌন্দর্য্য আরো বৃদ্ধি পাবে। তেমনি নিরাপত্তা আরও মজবুত হবে। ভূগর্ভস্থ ক্যাবলিং প্রকল্পের ফলে বিদ্যুৎ-এর সকল বিদ্যুৎ পরিবাহী লাইন মাটির নিচ দিয়ে যাবে। এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করার ক্ষেত্রে সুবিধা হবে। ঝড়, বৃষ্টি কিংবা প্রাকৃতিক কারণে বিদ্যুৎ বিভ্রাট হওয়ার ঘটনা অনেক হ্রাস পাবে। সেই সঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে অনেক দুর্ঘটনাও রোধ করা সম্ভব হবে। বিদ্যুতের ক্যাবল মাটির নিচে টানা হলে রাস্তার প্রশস্ততাও অনেক বেড়ে যাবে। অপরদিকে পরিষেবা মসৃণ হওয়ার পাশাপাশি বিদ্যুৎ চুরির ঘটনাও হ্রাস পাবে। ভোক্তারাও অনেক উপকৃত হবেন। এর মাধ্যমে বিদ্যুতের ভোল্টেজও স্থিতিশীল থাকবে। আগামী প্রজন্মের জন্য উন্নত, নিরাপদ এবং নির্ভরযোগ্য একটি পরিকাঠামো গড়ে তুলতে চাইছে বর্তমান সরকার।

মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আমরা চাই বিদ্যুৎ পরিকাঠামো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সারা দেশে একটা ভালো জায়গায় চলে আসুক। এতে রাজ্যে বিনিয়োগের আকর্ষণ বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। শিল্প এবং ব্যবসা বাণিজ্য প্রসারেও সহায়ক হবে। মাটির নিচ দিয়ে বিদ্যুতের ক্যাবল লাইন সম্প্রসারণের ফলে বিদ্যুৎ পরিকাঠামোর আরও উন্নয়ন হবে এবং রাজ্যের অর্থনৈতিক বিকাশও ত্বরান্বিত হবে। সেই সঙ্গে নিরাপদ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগরতলা শহরে ভূগর্ভস্থ ক্যাবলিং প্রকল্পটি আমাদের সকলের জন্য গর্বের বিষয়। এই প্রকল্প বাস্তবায়ন হলে সামগ্রিক ভাবে রাজ্যের একটা অর্থনৈতিক উন্নয়ন হবে। আগরতলা শহরের বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাকে আরও উন্নত, প্রযুক্তি নির্ভর ও নিরাপদ করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ১ হাজার ৪৩৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, বিধায়ক মিনা রানি সরকার সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিগণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *