আগরতলা।। নয় দফা দাবি নিয়ে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের পক্ষ থেকে পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরীর নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি আগরতলার সার্কিট হাউস এলাকায় এসে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর সংগঠনের একটি প্রতিনিধি দল মহাকরণে গিয়ে পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে নয় দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেয়।সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে ক্ষুদ্র পণ্যবাহী যান চালকরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।
যানবাহন পরিচালনা, প্রশাসনিক জটিলতা, পেশাগত নিরাপত্তা এবং চালকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বারবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও স্থায়ী সমাধান মেলেনি। সেই কারণেই নয় দফা দাবি সামনে রেখে এদিনের এই ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তাদের দাবি, ক্ষুদ্র পণ্যবাহী যান চালকদের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বাস্তব সমস্যাগুলির সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। প্রতিনিধি দল পরিবহনমন্ত্রীর কাছে দাবি জানায়, বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। ডেপুটেশন শেষে সংগঠনের নেতারা জানান, সরকার ইতিবাচক উদ্যোগ নিলে তারা তা স্বাগত জানাবেন। তবে দাবিগুলি দীর্ঘদিন উপেক্ষিত হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলেও সতর্ক করেন তারা।
