আগরতলা: ত্রিপুরা বিধানসভার নয়া অধ্যক্ষ হিসেবে রামপদ জমাতিয়া নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তাঁর কার্যকাল যাতে স্মরণীয় হয়ে থাকে এবং মানুষ মনে রাখেন সেই আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে আজ স্পিকার (অধ্যক্ষ) হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত হলেন বিধায়ক রামপদ জমাতিয়া। তিনি প্রাক্তন প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্থলাভিষিক্ত হলেন। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আমি অত্যন্ত খুশি। আজ পবিত্র বিধানসভার স্পিকারের মতো গর্বের আসন অলঙ্কৃত করলেন বিধায়ক রামপদ জমাতিয়া। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তিনি সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন। আজ পবিত্র বিধানসভায় হিন্দিতে খুব সুন্দরভাবে বক্তব্য রেখেছেন। মনে হয়েছে বিধানসভায় বাতাবরণ পুরোপুরি পরিবর্তন হয়েছে।
মুখ্যমন্ত্রী আরো বলেন, আমরা খুব খুশি যে সবদিক দিয়ে এমন একজন সুযোগ্য স্পিকার পেয়েছি। এটা এমন একটা স্থান, যা নিরপেক্ষতা ও গণতন্ত্রের পীঠস্থান অর্থাৎ বিধানসভা। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে এই স্থানে থাকতে হয়। সকলেই এই বিষয়ে কথা বলেছেন। আমি আশা করি উনি উনার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করবেন। আমার ব্যক্তিগত তরফ থেকে এবং লিডার অফ দি হাউজ হিসেবে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আশা করি আগামীদিনে তিনি এমন কাজ করে যাবেন যেটা আগামী ভবিষ্যত ও পরবর্তী সময়ে মানুষ সবসময় মনে রাখবেন যে এমন একজন সুযোগ্য স্পিকার ত্রিপুরা বিধানসভায় ছিলেন। তাঁর পথচলা শুভ হোক - এই কামনা করছি।
