আগরতলা।। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন পরীক্ষার সামগ্রিক ফলাফল ও বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন সংশ্লিষ্ট আধিকারিকরা।আধিকারিকরা জানান এবছর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এপ্রিল মাসের ২২ তারিখ অনুষ্ঠিত হয়েছিল। আজ ফলাফল প্রকাশ করা হয়েছে।

মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭৩১ জন। এর মধ্যে পিসিএমে ছিল ১৮৬৪ এবং পিসিবিতে ছিল ৩৮৭৩ জন। এর মধ্যে এবার পিসিএমে ১৭৪৫ এবং পিসিবিতে ৩৬৮৪ জন রেংকিং পেয়েছে। তিনি জানান এবার পিসিএমে প্রথম হয়েছে অর্ঘ্য জ্যোতি সাহা, দ্বিতীয় স্থানে রয়েছে অনিমেষ সরকার এবং তৃতীয় স্থানে আকাশ চৌধুরী।

পিসিবিতে প্রথম স্থান অধিকার করেছে ভৈবব রায় দ্বিতীয় স্থানে রয়েছে আকাশ চৌধুরী এবং তৃতীয় স্থান অধিকার করেছে অর্ণব মিত্র। এবারের ফলাফলে পশ্চিম জেলার পরীক্ষার্থীদের সাফল্য বিশেষভাবে নজর কেড়েছে বলে জানানো হয়।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চলতি বছরে পশ্চিম জেলার ছাত্রছাত্রীরা অত্যন্ত ভালো ফলাফল করেছে। বিশেষ করে ছেলেদের সাফল্যের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দুটি বিভাগে ছেলেরা এগিয়ে থেকে কৃতিত্ব অর্জন করেছে বলেও জানানো হয়। এই সাফল্যের পেছনে নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।আধিকারিকরা আরও জানান, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির ইতিবাচক প্রভাব এবারের ফলাফলে প্রতিফলিত হয়েছে।

আগামীদিনেও ছাত্রছাত্রীদের আরও ভালো সুযোগ-সুবিধা ও পরিকাঠামো প্রদান করার উপর গুরুত্ব আরোপ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।এই ফলাফলকে ঘিরে সফল পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *