আগরতলা।। শুভ জন্মাষ্টমীর পুণ্য তিথিতে আগরতলার জগহরিমুড়াস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়িতে নতুন কমিউনিটি হল ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিউনিটি হল ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের সাংসদ উন্নয়ন তহবিল থেকে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়িতে একটি কমিউনিটি হল নির্মাণের জন্য অর্থরাশি প্রদান করা হয়েছে। এই উদ্যোগের ফলে আগামী দিনে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয়, মাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আরও সুন্দর ও সুষ্ঠুভাবে করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয়রা। শুক্রবার শুভ জন্মাষ্টমীর পুণ্য তিথিতে আগরতলার জগহরিমুড়াস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়িতে নতুন কমিউনিটি হল ঘর এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
জন্মাষ্টমীর পুণ্য তিথিতে এই নির্মাণকাজের সূচনা হওয়ায় ভক্তদের মধ্যেও বিশেষ উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায় । অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা, ভক্ত-অনুরাগী এবং মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন । মন্দির কর্তৃপক্ষের আশা, নতুন কমিউনিটি হলটি ভবিষ্যতে এলাকার মানুষের সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল। তা পূরণ হতেচলেছে। সাংসদ উন্নয়ন তহবিলের হলেও এটি রাজ্যবাসীরই টাকা।
