আগরতলা: রাজধানী আগরতলা শহরে বৃষ্টির জল যাতে দীর্ঘ সময় না থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য আধিকারিকদের দ্রুত কাজ করতে হবে। এর পাশাপাশি শহর এলাকায় রাস্তাঘাটের উন্নয়নে এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণে সবধরনের ব্যবস্থা নিতে হবে।

আজ রাজধানী আগরতলা শহরে চলা স্মার্ট সিটি প্রকল্পের কাজকর্ম সরেজমিনে পরিদর্শন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, স্মার্ট সিটি প্রকল্পের কাজগুলি দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে। আমি এসব বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। বর্ষার জন্য কাজ রূপায়নে সমস্যা হচ্ছে। শুধু চার মাস কাজ করা যায়। বৃষ্টি শেষ হলেই কাজে আরো গতি আসবে। সেপ্টেম্বরের মধ্যে কাজ গুটিয়ে আনা যেতে পারে।

আমি আজ ড্রেইনের কাজও পরিদর্শন করেছি। সেখানে আরও কীভাবে করলে ভালো হবে সেটা নির্দেশ দিয়েছি। বিশেষ করে জল যাতে মসৃণভাবে পাস হতে পারে সেটা দেখতে বলেছি। আমি ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেছি।

এদিন মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বিদুরকর্তা চৌমুহনী, পূর্বাশা, আশ্রম চৌমুহনী, মঠ চৌমুহনী, লাল বাহাদুর ক্লাব, উজান অভয়নগর, প্যারাডাইস চৌমুহনী এবং চলমান সংঘ এলাকায় উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন।

মুখ্যমন্ত্রী বলেন, আগে কয়েকদিন ধরে জল জমে থাকতো। এখন কিন্তু সেটা নেই। বড় বড় শহরগুলিতেও বৃষ্টির সময় জল জমে যায়। কিন্তু আমাদের এখানে এখন ১ ঘণ্টার মধ্যেই জমা জল বেরিয়ে যায়। অর্থাৎ সব জায়গায় কাজ হচ্ছে। তবে আরো কীভাবে অত্যাধুনিক সুবিধা কাজে লাগিয়ে জল দ্রুত নিষ্কাশন করা যায় সেটা দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্লাস্টিক ব্যবহার রোধে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। তাদের তরফে আরো নজরদারি করতে বলা হয়েছে। বিশেষ করে যেসব জায়গায় প্লাস্টিক বিক্রি হচ্ছে সেগুলিতে নজর দিতে বলা হয়েছে।

পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা, নগরোন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ এ সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *