নিজস্ব প্রতিনিধি: মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নতুন উদ্যোগ গ্রহণ করল পূর্বদয়া সামাজিক সংস্থা। একটি পুরনো ঘর সংস্কার ও মেরামত করে সেখানে তৈরি করা হয়েছে বিনামূল্যে বস্ত্র বিতরণের স্টল।
সংস্থার কর্ণধার নীতি দেব স্টলটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করেন।স্টলে বিভিন্ন ধরনের ব্যবহারের উপযোগী পুরনো পোশাক রাখা হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা ও প্রয়োজনীয় মানুষরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে পোশাক সংগ্রহ করতে পারবেন।সংস্থার কর্ণধার নীতি দেব জানান, ত্রিপুরার মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এটি পূর্বদয়া সামাজিক সংস্থার দ্বিতীয় বস্ত্র বিতরণ স্টল। আগামী দিনে রাজ্যের বিভিন্ন এলাকায় আরও এমন স্টল চালু করার পরিকল্পনা রয়েছে।নীতি দেবের বক্তব্য, সমাজের অসহায় ও প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। শুধু বস্ত্র বিতরণ নয়, ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
