ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।।টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর মেগা ফাইনাল ও প্লে-অফের উন্মাদনা এবার সরাসরি স্টেডিয়ামের মতো করে উপভোগ করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন ত্রিপুরার ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড চলতি মরসুমের প্লে-অফ পর্বের জন্য দেশের পাঁচটি রাজ্যের মোট ৫টি শহরে ‘ফ্যান পার্ক’ চালুর ঘোষণা করেছে, যার মধ্যে অত্যন্ত গৌরবজনকভাবে স্থান করে নিয়েছে রাজধানী আগরতলা।

আগামীকাল, শুক্রবার (দ্বিতীয় কোয়ালিফায়ার) এবং ৩১ মে (মেগা ফাইনাল) আগরতলায় এই ফ্যান পার্কের আসর বসবে। সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশাধিকার থাকা এই ফ্যান পার্কে বিশাল স্ক্রিনে লাইভ ম্যাচ সম্প্রচারের পাশাপাশি থাকবে মিউজিক, ফুড কোর্ট এবং নানা ধরনের বিনোদনমূলক আয়োজন। আগরতলা ছাড়াও দেশের বাকি যে চারটি শহরে এই ফ্যান পার্ক বসছে, সেগুলি হলো— গোয়ালিয়র, গাজীপুর, ম্যাঙ্গালুরু এবং কাকিনাড়া।

এই মেগা আয়োজনকে কেন্দ্র করে আজ, বৃহস্পতিবার দুপুর ১২:৩০ মিনিটে আগরতলার প্রাণকেন্দ্রে এক অভিজাত হোটেলের কনফারেন্স হল-এ এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেস মিটে উপস্থিত ছিলেন আইপিএল প্রতিনিধি মিস্টার মিত। এছাড়াও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন টিসিএ সচিব সুব্রত দে, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী এবং উপদেষ্টা তপন লোধ। কর্মকর্তা ও আইপিএল প্রতিনিধিরা যৌথভাবে জানান, প্রান্তিক স্তরের ক্রিকেট ভক্তদের মাঝে স্টেডিয়ামের আবহ পৌঁছে দিতেই বিসিসিআই-এর এই দুর্দান্ত পরিকল্পনা।

এই ফ্যান পার্কগুলিতে শুধু খেলা দেখাই নয়, দর্শকদের জন্য থাকছে ‘ভার্চুয়াল ব্যাটিং জোন’, ‘বোলিং নেট’, ‘ফেস পেইন্টিং’, ‘পিচ পারফেক্ট’ এবং ‘ডোন্ট মিস দ্য বল’-এর মতো একগুচ্ছ আকর্ষণীয় ইন্টারেক্টিভ গেম জোন, যা ছোট-বড় সকল ক্রিকেটপ্রেমীদের আনন্দকে দ্বিগুণ করে তুলবে।টিসিএ কর্তারা আশাপ্রকাশ করেছেন যে, আগরতলার এই ফ্যান পার্কে হাজার হাজার ক্রিকেটপ্রেমীর সমাগম ঘটবে এবং এক অভূতপূর্ব ইলেকট্রিক বাতাবরণ তৈরি হবে।

হুইসেল, চিয়ারিং, প্রিয় দলের জার্সি আর ফেস পেইন্টিংয়ের রঙে সেজে উঠে আগরতলাও এবার আইপিএল জ্বরে কাঁপতে প্রস্তুত। ইতিমধ্যে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে, এখন শুধু মাঠের লড়াই বড় পর্দায় দেখার অপেক্ষা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *