আগরতলা: আসন্ন ২১টি পুর ও নগর সংস্থার নির্বাচনে বিজেপির বিপুল জয়ের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন রাজ্যের বিদ্যুৎ,কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। বিশেষ করে মোহনপুর পুর পরিষদে বিজেপি প্রার্থীদের জয় নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। মোহনপুরে বিজেপির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আয়োজিত এক বিশাল মিছিলের নেতৃত্ব দিয়ে তিনি এই আত্মবিশ্বাসের কথা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন বিজেপির প্রতি সাধারণ মানুষের যে বিপুল সমর্থন, ভালোবাসা ও আস্থা তৈরি হয়েছে, তা তাঁর প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে। মোহনপুরে মিছিল ঘিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্যাপক উৎসাহই তার প্রকৃষ্ট প্রমাণ।তিনি বলেন বিজেপি যে ধরনের জনসমর্থন পাচ্ছে, তা আমার প্রত্যাশারও বাইরে। কংগ্রেস ও সিপিআই(এম)-এর নেতাদের আমি আহ্বান জানাব, তাঁরা যেন একবার মোহনপুরে এসে মানুষের এই বিপুল উপস্থিতি ও উৎসাহ নিজের চোখে দেখে যান। যে কোনও রাজনৈতিক দল নির্বাচনে প্রার্থী দিতে পারে, তাতে আমাদের কোনও আপত্তি নেই।
তবে জনগণের রায়ের মুখোমুখি হওয়ার জন্যও তাদের প্রস্তুত থাকতে হবে। এটাই বিজেপির প্রতি মানুষের ভালোবাসা এবং নেতৃত্বের প্রতি তাঁদের আস্থার প্রতিফলন।মন্ত্রী আরও বলেন, বিজেপি শুধুমাত্র উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে যাচ্ছে না, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়েও এগিয়ে চলেছে। তাঁর মতে, নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রার্থীদের শুধু শিক্ষিত ও জ্ঞানী হলেই চলবে না, সমাজের সঙ্গে তাঁদের নিবিড় সম্পর্ক থাকতে হবে এবং মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।
তিনি বলেন আমরা এমন প্রার্থীদের মনোনয়ন দিয়েছি, যাঁদের জয়ের সম্ভাবনা রয়েছে এবং যাঁরা দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁরা সাধারণ মানুষের সমস্যা বোঝেন এবং মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ান। মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ও জনসেবার মানসিকতাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় যোগ্যতা।
সিপিআই(এম)-এর রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন , সাধারণ মানুষের মধ্যে সিপিআই(এম)-এর জনসমর্থন অনেকটাই হ্রাস পেয়েছে এবং আগামী দিনে দলটিকে আরও বড় রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে হবে। এমনকি ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে সিপিআই(এম) মাত্র একটি আসনে সীমাবদ্ধ হয়ে পড়তে পারে।একই সঙ্গে তিনি কংগ্রেস ও সিপিআই(এম)-কে পুর ও নগর সংস্থার নির্বাচনে প্রার্থী দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন গণতন্ত্রের স্বার্থে প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া উচিত।
বিজেপি গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতাকে স্বাগত জানায় এবং জনগণের রায়ের উপর সম্পূর্ণ আস্থাশীল।পূর্বতন সিপিআই(এম) পরিচালিত সরকারের ভূমিকার সমালোচনা করে মন্ত্রী বলেন, মানুষের দুঃসময়ে সেই সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছিল।
অন্যদিকে, বিজেপির নেতা-কর্মীরা সবসময় মানুষের সঙ্গে যোগাযোগ রেখে তাঁদের সুখ-দুঃখের সঙ্গী হয়েছেন এবং প্রয়োজনের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।সবশেষে বিদ্যুৎমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, মোহনপুরে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও বিপুল উৎসাহ আগামী নির্বাচনে বিজেপির সাফল্যের স্পষ্ট ইঙ্গিত বহন করছে।
তাঁর দাবি, মোহনপুর পুর পরিষদ-সহ রাজ্যের ২১টি পুর ও নগর সংস্থার নির্বাচনে বিজেপি নির্ণায়ক জয় অর্জন করতে চলেছে।
