আগরতলা।। ভিলেজ কমিটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছে শাসক শিবির। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ, রবীন্দ্র রাজু এবং দলের উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর সম্বিত পাত্রা আগরতলায় আসতেই প্রদেশ বিজেপির অন্দরে শুরু হয়েছে জোরদার তৎপরতা।
রাজ্যে পৌঁছেই কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠকে বসেন প্রদেশ নেতৃত্বের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
নির্ভরযোগ্য সূত্রে খবর, সাংগঠনিক বিষয় ছাড়াও আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপির রণকৌশল কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এডিসি নির্বাচনের মতোই বিজেপি কি একাই লড়াই করবে, নাকি তিপ্রা মোথা দলের সঙ্গে আঁতাত করে ময়দানে নামবে, তা নিয়েও আলোচনা হয়।
যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় জানান, দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে জোট প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আসন্ন নির্বাচনে দল একা লড়বে না জোট করে লড়বে, তা পরবর্তী সময়ে জানানো হবে।
