আগরতলা।। বিদ্যুৎ বিলের অতিরিক্ত বর্ধিত অংশে সরকার ১০০ শতাংশ ভর্তুকি দেবে। এতে সাধারণ মানুষের সমস্যা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করলেন বিজেপি বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস।
শুক্রবার বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন।তিনি জানান, ২০১৮ সালের পর থেকে রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থায় প্রভূত উন্নতি হয়েছে। তথ্য তুলে ধরে তিনি বলেন, বামফ্রন্ট আমলে রাজ্যে বিদ্যুৎ নিয়ে চরম সমস্যা ছিল। সেই সময় কিছুদিন অন্তর অন্তর বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হত। কিন্তু ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিদ্যুতের দাম তেমন বাড়ানো হয়নি।
ভগবান দাসের দাবি, রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার সর্বদা মানুষের কল্যাণে নিয়োজিত। বিদ্যুৎ যেহেতু একটি অপরিহার্য পরিষেবা, তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যোগান বজায় রাখতে সরকার ইতিমধ্যেই বহু পদক্ষেপ গ্রহণ করেছে।এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি বামফ্রন্ট ও বর্তমান সরকারের বিদ্যুৎ বিলের তুলনামূলক চিত্র তুলে ধরেন।
তিনি জানান, সিপিএমের সময়ে বিদ্যুতের মূল্য ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল, যেখানে বিজেপি শাসনে বৃদ্ধির হার ৪০ শতাংশ। বর্ধিত এই অংশে সরকার ভর্তুকি দেওয়ায় গ্রাহকদের উপর বাড়তি চাপ পড়বে না বলেও তিনি আশ্বস্ত করেন।
বিদ্যুৎ পরিষেবাকে আরও উন্নত করতে সরকার ভবিষ্যতেও কাজ করে যাবে বলে জানান তিনি।
