আগরতলা: দেশের ৮০তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হলো বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা বিজেপির নেতা ডঃ মানিক সাহা বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেব রায় সহ দলের অন্যান্য পদাধিকারী ও কর্মীরা।
জাতীয় পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি অভিষেক দেব রায় প্রথমে দেশকে স্বাধীন করার জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “আজকের দিনে প্রত্যেক নাগরিকের কাছে আমার আহ্বান, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে প্রত্যেককে এগিয়ে আসতে হবে।
আমাদের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ জাগ্রত রাখতে হবে এবং দেশকে সুরক্ষিত রাখার দিকে লক্ষ্য রাখতে হবে।” অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশিত হয় এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
