কোলকাতা ।। বঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই প্রেক্ষাপটে বীরভূমের বোলপুরে জনসভা করে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পল্লীমঙ্গল ক্লাব ময়দান থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বীরভূমের ১১টি আসনেই বিজেপিকে জয়ী করার আহ্বান জানান।সভা মঞ্চ থেকে তিনি তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন। কেশপুর কাণ্ড, ২৬ হাজার শিক্ষক নিয়োগ দুর্নীতি, West Bengal School Service Commission সংক্রান্ত অনিয়ম, গোরু পাচার ও রেশন দুর্নীতির প্রসঙ্গ তুলে সরাসরি নিশানা করেন রাজ্যের শাসক দলকে।অনুপ্রবেশ ইস্যুতেও কড়া অবস্থান নেন অমিত শাহ।

তিনি বলেন, এই নির্বাচন হবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করার নির্বাচন। পাশাপাশি অভিযোগ করেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় জমি দিচ্ছে না।তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করা হবে এবং বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।মহিলাদের জন্যও একাধিক প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, রাজ্যে মোট চাকরির ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে এবং বাসে মহিলাদের জন্য ভাড়া মকুব করা হবে।মুখ্যমন্ত্রী -র বক্তব্যেরও পাল্টা জবাব দেন অমিত শাহ। তিনি প্রশ্ন তোলেন, রাজ্যে বিভিন্ন সময়ে দাঙ্গা ও ধর্মীয় অনুষ্ঠানে হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা কী ছিল।এই সভাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *