আগরতলা।। ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ৮টি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বনকুমারীতে অনুষ্ঠিত হলো বিশাল নির্বাচনী জনসভা। সোমবার বিকেলে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাক্তন বিধায়ক রেবতি মোহন দাস সহ দলের জেলা ও মন্ডল স্তরের শীর্ষ নেতৃত্ব।জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বনকুমারী এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে কর্মী-সমর্থকরা মিছিল করে সভাস্থলে এসে উপস্থিত হন। মহিলা ও যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছাতেই স্লোগান ও হাততালিতে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ।সভায় মঞ্চ থেকে একে একে ৮টি ওয়ার্ডের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রার্থীরা মঞ্চে উঠতেই সমর্থকরা ফুলের মালা দিয়ে তাঁদের বরণ করে নেন।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, “প্রতাপগড়ের মানুষ সবসময় উন্নয়নের পক্ষে। রাজ্য সরকার প্রতাপগড়ের রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে। ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে উন্নয়নের এই ধারা আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। তাই আগামী নির্বাচনে ৮টি ওয়ার্ডেই পদ্মফুলকে জয়ী করার আহ্বান জানাচ্ছি।”
মন্ত্রী সুশান্ত চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “বনকুমারীর এই জনজোয়ারই বলে দিচ্ছে প্রতাপগড়ের মানুষ কী চায়। এবার ৮-এ ৮ হবে। মানুষ বিরোধীদের মিথ্যা প্রতিশ্রুতিতে আর ভুলবে না।”
