আগরতলা।। নরেন্দ্র মোদি সরকারের ১২ বছরের শাসনামলে দেশের জনগণের দুর্বিষহ অবস্থার বিবরণ জনগণের কাছে তুলে ধরবে জাতীয় কংগ্রেস। আগামীকাল থেকে শুরু হবে এই প্রচার অভিযান।
২৫ থেকে ৩১ মে পর্যন্ত প্রথম পর্বের প্রচার অভিযান অনুষ্ঠিত হবে বলে সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রবীর চক্রবর্তী বলেন আগামী ২৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ১২বছর পূর্তি। দেশ আজ সামগ্রিক দিক থেকে আক্রান্ত! তীব্র অর্থনৈতিক সংকট। এর দায় ভারতবাসীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। নিট, ইউজির কেলেঙ্কারির মতো ঘটনাও ঘটেছে বহুবার এ বারো বছরে। দেশের হালহকিকত তুলে ধরেন তিনি।
জ্বালানি সহ বিভিন্ন জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার। দুর্নীতিগ্রস্ত, অপদার্থ, জালিয়াতির সরকার বললেন প্রবীর চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওবিসি ডিপার্ট্মেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, সদর জেলা সভাপতি তন্ময় রায়, অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পালসহ অন্যান্যরা ।
