কোলকাতা।। বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে কার্যত শক্তিপ্রদর্শনের মঞ্চে পরিণত হয় ব্রিগেড।
রাজ্যপাল এন কে রবির হাত ধরে শপথবাক্য পাঠ করেন শুভেন্দু অধিকারী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা।শুভেন্দুর প্রথম মন্ত্রিসভায় জায়গা পেলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। যদিও এখনও কোন মন্ত্রী কোন দফতরের দায়িত্ব পাচ্ছেন, তা সরকারিভাবে ঘোষণা হয়নি। তবে শপথগ্রহণের মধ্যেই রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দেয় বিজেপি নেতৃত্ব। সাঁওতালি ভাষায় শপথ নিয়ে নজর কাড়েন ক্ষুদিরাম টুডু।
অন্যদিকে উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে নিশীথ প্রামাণিকের অন্তর্ভুক্তি এবং জঙ্গলমহলের মুখ হিসেবে অশোক কীর্তনিয়ার শপথ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে।এদিন মঞ্চে উঠেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে বাংলার মানুষকে উদ্দেশ্যে করে মঞ্চে সষ্টাঙ্গ প্রণাম করেন তিনি।
আর সেই মুহূর্তেই আবেগে ভাসেন উপস্থিত সমর্থকেরা। ব্রিগেড থেকে নতুন সরকারের সূচনার পাশাপাশি বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
images courtesy copy from Google images
