আগরতলা।। সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষে তৎপরতা চলছে প্রদেশ বিজেপিতে। মঙ্গলবার আগরতলায় স্টেট গেস্ট হাউসে বিধায়কদের নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠকে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে বিধায়কদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের সামগ্রিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় , আগামীর কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সামনে আসছে পুর সভা, নগর পঞ্চায়েত ও ভিলেজ কমিটির ভোট । তাই এখন থেকেই প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। দলের সাংগঠনিক শক্তি যে এখন কিছুটা হ্রাস পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী নির্বাচনগুলোতে মথার সঙ্গে জোটের বিষয়টিও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

একা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে কি ফল হয় তা এডিসি নির্বাচনে হাড়ে হাড়ে টের পেয়েছে বিজেপি। তাই এবার আসন্ন নির্বাচনগুলির কথা ভেবে এখন থেকেই সাংগঠনিক শক্তি যাচাই করে প্রস্তুতি শুরু কর দিয়েছে প্রদেশ বিজেপি। এদিনের এই বৈঠকে দলের প্রায় সমস্ত বিধায়করাই উপস্থিত ছিলেন।

সংগঠন সম্পর্কে তারা তাদের মতামত নিজ নিজ কেন্দ্রের অবস্থা তুলে ধরেন। যদিও বিজেপি যেহেতু সর্বভারতীয় দল তাই দলের যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বই নিয়ে থাকেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *