আগরতলা।। শুক্রবার সকাল থেকেই নির্বাচনী উত্তাপে সরগরম রাজধানী আগরতলা। আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার উপস্থিতিতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে বের হয় বর্ণাঢ্য মিছিল।

শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সদর মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান বিজেপির মনোনীত প্রার্থীরা। এরপর আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডেই আনুষ্ঠানিকভাবে জমা পড়ে মনোনয়নপত্র।মনোনয়ন জমার এই কর্মসূচি থেকেই আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং উন্নয়নের ধারাবাহিকতার প্রতি মানুষের আস্থা রয়েছে।

আর সেই আস্থার প্রতিফলনই দেখা যাচ্ছে বিজেপির নির্বাচনী কর্মসূচিতে।এদিন কংগ্রেস ও সিপিআইএমকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিরোধীদের কাছে নেই কোনও নির্দিষ্ট নীতি, আদর্শ কিংবা জনকল্যাণমূলক কর্মসূচি। বিজেপিকে দুর্বল করা এবং ক্ষমতা দখল করাই তাদের একমাত্র লক্ষ্য।

তবে বিরোধীদের এই রাজনৈতিক কৌশল ত্রিপুরার মানুষ মেনে নেবেন না বলেও দাবি করেন তিনি।শুধু আগরতলা নয়, রাজ্যের প্রতিটি পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ডেই বিজেপি তথা এনডিএ প্রার্থীদের জয়ের ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

একদিকে শাসকদলের শক্তি প্রদর্শন, অন্যদিকে বিরোধীদের নির্বাচনী লড়াই—সব মিলিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ত্রিপুরার পুর নির্বাচনের রাজনৈতিক ময়দান। ৫১টি ওয়ার্ডে বিজেপির এই শক্তির মহড়া শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলবে? তার উত্তর মিলবে আগামী ২৭ নভেম্বর। এখন নজর জনতার রায়ের দিকে!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *