আগরতলা।। প্রয়াত আইপিএস অফিসার অনুরাগ ধ্যানকরের মৃত্যুকে কেন্দ্র করে বিরোধীদের তোলা বিভিন্ন অভিযোগের কড়া জবাব দিল বিজেপি।

সোমবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিধায়ক রণজিৎ দাস অভিযোগ করেন, এই সংবেদনশীল ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধীরা।রণজিৎ দাস বলেন, বিরোধী নেতাদের বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

রাজ্যে গণতন্ত্র নেই বলে যে অভিযোগ তোলা হচ্ছে, তা বাস্তবসম্মত নয়। তাঁর দাবি, গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বলেই বিরোধী দলগুলি অবাধে আন্দোলন, বিক্ষোভ এবং বিভিন্ন কর্মসূচি পালন করতে পারছে।সাংবাদিক বৈঠকে তিনি অতীতের বিভিন্ন ঘটনা ও বিতর্কের প্রসঙ্গ তুলে ধরে বিরোধীদের সমালোচনা করেন।

পাশাপাশি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে কটাক্ষ করে রণজিৎ দাস বলেন, তিনি বারবার দল পরিবর্তন করেছেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। ২০২৩ সালের নির্বাচনে কংগ্রেস ও সিপিআই(এম)-এর সমঝোতার প্রসঙ্গও তুলে ধরে তিনি বিরোধীদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।বিজেপি বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে প্রয়াত অনুরাগ ধ্যানকরের সুসম্পর্ক ছিল এবং কয়েকদিন আগেও তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছিল।

তাই বিরোধীদের অভিযোগের কোনও ভিত্তি নেই বলেই দাবি করেন তিনি।এছাড়াও সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনাকে সামনে এনে বিরোধীরা জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন রণজিৎ দাস।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং দলের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *