আগরতলা ।। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) বাতিলের দাবি জানান প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা।
তিনি অভিযোগ করেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রমাণ করে এনটিএ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে এবং শিক্ষাব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস নেতা তন্ময় ধর, ডা. পার্থ প্রতিম দত্ত এবং লিপিকা রুদ্রপাল।
নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের স্বার্থে এবং দুর্নীতির বিরুদ্ধে আগামী দিনে রাজ্যজুড়ে আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হবে। পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবিও তোলা হয়।
