আগরতলা : সনাতন ধর্ম নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের তীব্র সমালোচনা করল বিজেপি। রবিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য অভিযোগ করেন, হিন্দু ধর্ম সম্পর্কে কটূক্তি ও নিজস্ব ব্যাখ্যা দিয়ে জিতেন্দ্র চৌধুরী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন।
তিনি বলেন, ক্ষয়িষ্ণু বিরোধী শক্তি, বিশেষ করে সিপিআই(এম), এখন জনসমর্থন হারিয়ে কয়েকজনকে সামনে রেখে শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি করছে। নবেন্দু ভট্টাচার্যের দাবি, সিপিআই(এম) শাসনামলে রামকৃষ্ণ মিশনকে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল।
তিনি আরও অভিযোগ করেন, সনাতন ধর্ম সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।রামকৃষ্ণ মিশন, মিশনের সন্ন্যাসী এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যেরও সমালোচনা করেন বিজেপির মুখপাত্র।
তাঁর দাবি, জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যে সাধারণ মানুষ বিভ্রান্ত হবেন না এবং প্রকৃত সত্য সম্পর্কে তারা অবগত রয়েছেন।সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার শিক্ষকতার পেশায় ফিরে আসার বিষয়েও প্রতিক্রিয়া জানান নবেন্দু ভট্টাচার্য।
পাশাপাশি, কমনওয়েলথ পদকজয়ী অস্মিতা দে-র উত্তরপ্রদেশ সরকারের অধীনে চাকরি পাওয়ার বিষয়েও দলের অবস্থান তুলে ধরেন তিনি।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির অফিস সম্পাদক মিহির সরকার এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।
