আগরতলা ।। ১পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। দীর্ঘদিন ধরে রাজ্যের জাতীয় সড়কগুলির বেহাল দশা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

তাঁর দাবি, শুরু থেকেই ঢালাইয়ের পরিবর্তে কংক্রিটের মাধ্যমে রাস্তা নির্মাণের কথা বলা হয়েছিল। সঠিক পদ্ধতিতে কাজ হলে একটি রাস্তা প্রায় দশ বছর ভালো অবস্থায় থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সাংসদ জানান, নির্মাণকারী সংস্থা ঢালাইয়ের মাধ্যমে কাজ করায় কিছুদিনের মধ্যেই রাস্তার অবস্থা খারাপ হয়েছে। ফলে পুনরায় রাস্তা নির্মাণে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। জাতীয় সড়কের কাজ দ্রুত শেষ করতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

পাশাপাশি পিডব্লিউডির মাধ্যমে জাতীয় সড়ক নির্মাণের দাবি প্রসঙ্গে বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের দপ্তরের সেই পরিকাঠামো ও জনবল নেই। প্রায় ২২ হাজার কোটি টাকার কাজ রাজ্যের নিজস্ব ব্যবস্থায় করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনেও উঠে আসে জোটের প্রসঙ্গ। তিপ্রা মথার সঙ্গে জোট নিয়ে দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মণের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বিপ্লব কুমার দেব। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানান তিনি। ব্যক্তিগত সম্পর্কের বাইরে দলীয় আদর্শ ও আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে বলে স্পষ্ট করেন সাংসদ।

এফসিআর বিল নিয়েও বিরোধীদের সমালোচনা করেন বিপ্লব কুমার দেব। তাঁর অভিযোগ, বিরোধীরা বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে না পড়েই সংসদ থেকে ওয়াকআউট করেছে। বিদেশি অর্থ কোথায় এবং কীভাবে ব্যবহার হচ্ছে, সে বিষয়ে সরকারের নজরদারি থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে আগের আইনের তুলনায় শাস্তির মেয়াদ কমানো হয়েছে বলে দাবি করে তিনি বলেন, এফসিআর বিল সংসদে আনা হবে এবং পাসও করানো হবে।

রাজ্যে নেশার বাড়বাড়ন্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাংসদ। নেশামুক্ত ত্রিপুরা গড়তে শুধু সরকারের একক প্রচেষ্টা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ক্লাব, সামাজিক সংগঠন এবং যুবসমাজকে এই কাজে সক্রিয় ভূমিকা নিতে হবে। শুধু নিজেদের সন্তানদের নেশা থেকে দূরে রাখাই নয়, সমাজের নেশাগ্রস্ত যুবকদেরও মূলস্রোতে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে বলে আহ্বান জানান তিনি।

সবশেষে রাজ্যের উন্নয়নে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব। তাঁর বক্তব্য, সরকার ও সমাজ একসঙ্গে কাজ করলেই উন্নয়ন এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য আরও দ্রুত বাস্তবায়ন সম্ভব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *